Dhaka Mail Logo

সারাদেশ

চট্টগ্রাম থেকে একযোগে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলামুখী করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’। চট্টগ্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই দেশব্যাপী টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সময়সূচি ও সার্বিক পরিকল্পনা তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, তৃণমূলে খেলাধুলার বিস্তার এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নেওয়াও সরকারের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: গ্রামের মাঠ উঠে আসা সাতক্ষীরার জাকির দেশের ‘দ্রুততম মানব’

তিনি জানান, এর আগে দেশের প্রাথমিক স্তরের ২২ লাখ শিক্ষার্থীকে নিয়ে বৃহৎ পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশের ৪০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাবে।

এহছানুল হক মিলন বলেন, চট্টগ্রাম থেকে একই দিন ও একই সময়ে দেশের সব উপজেলায় একযোগে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি দেশের সব উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি জানান, চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী ৯ বা ১০ সেপ্টেম্বর টুর্নামেন্ট উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এটিই হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্কুলভিত্তিক ফুটবল প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টের লোগো, রিল, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির আহ্বানে শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিযোগিতায় নির্বাচিত সেরাদের প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: সাতক্ষীরায় হঠাৎই হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী, তারপর যা হলো

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বকাপের পর এবার ফুটবল ঘিরে চট্টগ্রামে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। আমরা মেসি ও এমবাপ্পের খেলা দেখেছি। এবার বাংলাদেশের খুদে ফুটবলারদের নৈপুণ্য দেখার অপেক্ষায় আছি।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী উপস্থিত ছিলেন।