Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে এক সপ্তাহ পর মুক্তি পেলেন অপহৃত পল্লী চিকিৎসক

জেলা প্রতিনিধি

০৬ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহৃত পল্লী চিকিৎসক কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) এক সপ্তাহ পর মুক্তি পেয়েছেন। অপহরণকারীদের দাবি করা ১০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর তাকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রোববার (৫ জুলাই) রাতে তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়ার নিজ বাড়িতে ফিরে আসেন। দীর্ঘ সাতদিন গহীন পাহাড়ে বন্দি থাকায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।

এর আগে গত ২৮ জুন দুপুর ১টার দিকে একদল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া জুম্মাপাড়ায় তার নিজ বাড়িতে হানা দেয়। এ সময় তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে পল্লী চিকিৎসক কামাল উদ্দিনকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।

ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে এক সপ্তাহ পর তিনি মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।

পল্লী চিকিৎসক কামাল উদ্দিনের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আবু সায়েদ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/টিবি