জেলা প্রতিনিধি
২৭ জুন ২০২৬, ০২:২৪ পিএম
জামালপুরের বকশিগঞ্জে হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শ্রমিকের নাম জয়নাল আবেদীন (৬৯)। তিনি বকশিগঞ্জে কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত মো. অনিস মিয়ার সন্তান।
বালিজুরি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে যান জয়নাল। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে আজ শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে ডুমুরতলা বিটে তার স্বজনরা নিখোঁজের খবর জানান। এরপর বনবিভাগ এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি দলের সদস্যরা যৌথভাবে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বন বিভাগ বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, জয়নাল আবেদীনের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার অভিযান শুরু করি। পরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দেখে ধারনা করা হচ্ছে, হাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/টিবি