জেলা প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ০৯:০৪ এএম
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৩ ও ৩৮ নম্বর ওয়ার্ডে পৃথক মাদকবিরোধী অভিযানে ২০ বোতল বিদেশি মদ ও ৮৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।
গ্রেফতাররা হলেন— জুয়েল রানা (২৫) ও আল-আমিন (৩১)। জুয়েল রানা শেরপুর জেলার নালিতাবাড়ী থানার রাণীগাঁও গ্রামের আবুল হাসেমের ছেলে। বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডে উত্তর খাইলকুর এলাকার সেকান্দরের বাড়ির ভাড়াটিয়া। আল-আমিন মধ্য খাইলকুর এলাকার আহম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ ৩৩ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড মেম্বারবাড়ি রোডের আলীর বাড়ির সামনে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের কথিত বিদেশি মদসহ জুয়েল রানাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, গাছা থানার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স’সহ ৩৮ নম্বর ওয়ার্ডের মধ্য খাইলকুর হাজী মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ আল-আমিনকে গ্রেফতার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
মাদক, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি