images

সারাদেশ

ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অবস্থান

জেলা প্রতিনিধি

১৮ জুন ২০২৬, ১২:২৩ পিএম

ফেনীর সোনাগাজীতে ফেসবুকে প্রেমের সূত্র ধরে ওমান প্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন নীলফামারীর ২২ বছর বয়সী এক তরুণী।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টা থেকে ওই তরুণী ওই প্রবাসী যুবকের বাড়িতে ঘরের সামনে অবস্থান করছেন। এদিকে ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছেন ওই যুবক ও তার পরিবারের সদস্যরা।

উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়িতে এ ঘটনা ঘটেছে। তরুণীকে পাহারা দিচ্ছেন ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ রাকিব নামের এক যুবক।

ওমান প্রবাসী ওই যুবকের নাম আরিফ হোসেন। তিনি ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের আবদুল আজিজ সারেং বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। তরুণীর নাম মোসাম্মৎ ফেরদৌসী আক্তার (২২)। তিনি নীলফামারীর সৈয়দপুর থানার ৭ নম্বর ওয়ার্ডের মশরত ধলিয়া সর্দার পাড়ার মো. কালার মেয়ে।

পুলিশ জানায়, ওই তরুণীকে সরানোর জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে তিনি বিয়ে ছাড়া ওই বাড়ি ত্যাগ করবেন না বলে জানান। এদিকে, ওই তরুণীকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চিরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন ওই যুবকের মা নারগিস আক্তার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক জনতাও ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে।

ওই যুবকের আত্মীয় জাহাঙ্গীর আলম জানান, সোনাগাজী মডেল থানার তোহুর নামে এক এসআইয়ের ইন্ধনে ওই তরুণী ওই যুবকের বাড়ি ছাড়ছেন না।

পুলিশ, এলাকবাসী, তরুণী ও ভুক্তভোগী পরিবার জানায়, আরিফ হোসেন তিন বছর পূর্বে জীবিকার তাগিদে ওমান যান। গত এক বছর আগে ফেসবুকের মেসেঞ্জারে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। সে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে আরিফ দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী গত ১৫ দিন আগে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসেন। তরুণীকে সরাসরি দেখার পর ওই যুবকের পছন্দ না হওয়ায় তাকে বুঝিয়ে তার বাবার বাড়ি সৈয়দপুর দিয়ে আসেন। সেখান থেকে নিজের বাড়িতে ফিরে আরিফ তার ফেসবুক আইডি ও মুঠোফোন বন্ধ করে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ওই তরুণী ওই যুবকের বন্ধু শিবলু নামে এক যুবকের কাছ থেকে বাড়ির ঠিকানা সংগ্রহ করে প্রেমিক আরিফের বাড়িতে ওঠেন। ওই তরুণী তার ঘরে ঢুকতে চাইলে আরিফসহ তার পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা লাগিয়ে অন্যত্র চলে যান। ওই যুবকের পরিবারের পক্ষ থেকে রাতেই পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সোনাগাজী মডেল থানার এসআই তোহুর আহমদের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে যুবকের পরিবারের কোনো সদস্যকে না পেলেও তিনি তরুণীর বক্তব্যের ভিডিও ধারণ করে ফের থানায় চলে যান। তিনি মৌখিকভাবে পাহারা দেওয়ার জন্য স্থানীয় গ্রাম পুলিশ রাকিবকে নির্দেশ দেন।

এদিকে, তরুণীর কারণে যুবকের পরিবারের সদস্যরা ঘরে ঢুকতে পারছেন না বলে দাবি তাকে হ্যানিট্র্যাপের সদস্য, দুশ্চরিত্রা ও প্রতারক আখ্যা দিয়ে বুধবার (১৭ জুন) রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুবকের মা নারগিস আক্তার।

ওই তরুণী বলেন, বিয়ের কথা বলে ওই যুবক তার সঙ্গে প্রেমের সম্পর্কে গড়েছে। কিন্তু সে আমাকে দেখার পর থেকে বিয়ে না করার জন্য নানা টালবাহনা করছেন। আমি তার বাড়িতে আসার পর ঘরের দরজায় তালা লাগিয়ে সে তার পিতা-মাতাকে নিয়ে অন্যত্র চলে গেছে। সে আমাকে বিয়ে করা ছাড়া আমি তার বাড়ি ছাড়বো না।

Capture

ওই যুবকের মা নারগিস আক্তার বলেন, আমরা দরিদ্র পরিবারের লোক। ধারদেনা করে প্রায় তিন লাখ টাকা খরচ করে আমার ছেলেকে ওমান পাঠিয়েছি। এখনও কর্জ পরিশোধ করতে পারিনি। ওই তরুণী একজন হ্যানি ট্র্যাপের সদস্য। ফেসবুকে এক সুন্দরী নারীর ছবি দিয়ে আইডি খুলে আমার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এখন সে বিয়ের স্বপ্ন দেখছেন। আমার স্বামী মতিগঞ্জ আরএম হাট উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করে কোনো রকম সংসার চালায়। ভাঙা ঘরে দিন যাপন করছি। তাকে বিয়ে করানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমার ছেলে যদি প্রেম করে কোনো অপরাধ করে থাকে, তাহলে সে আমার ছেলের বিরুদ্ধে মামলা করুক। আইনগত ব্যবস্থা নিক। আমিও আইনগত প্রতিকার পেতে থানায় লিখিত আবেদন করেছি।

এদিকে, ওই যুবকের ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ১৬ জুন রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ওই তরুণী বিয়ে ছাড়া ঘটনাস্থল ছাড়বেন না বলে জানিয়েছেন।

প্রতিনিধি/টিবি