জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ০৭:৩৯ এএম
ফুটবল বিশ্বকাপকে ঘিরে নড়াইলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও উন্মাদনায় সমর্থকরা আর্জেন্টিনা দলের জার্সি গায়ে ও আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে এই মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ র্যালিতে অংশ নেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক সমর্থকের অংশগ্রহণে মোটরসাইকেল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় সমর্থকরা আনন্দ উল্লাস করতে থাকে, আর্জেন্টিনার পক্ষে স্লোগান দিতে থাকে। শোভাযাত্রাটি চলাকালে সড়ক দিয়ে চলাচলরত আর্জেন্টিনা ভক্তরাও হাত নেড়ে অভিনন্দন জানান। সমর্থকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণ দেখতে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। ফলে শহরজুড়ে সৃষ্টি হয় ভক্তদের মাঝেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক আশিক বলেন, ফুটবলপ্রেমীদের এক মঞ্চে নিয়ে আসাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এতসংখ্যক সমর্থককে একসঙ্গে দেখে তিনি আনন্দিত এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও নিয়মিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আরেক সমর্থক বকুল বিশ্বাস বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। নড়াইলের এই শোভাযাত্রা শুধু একটি দলের প্রতি সমর্থন নয়, বরং ফুটবলপ্রেমীদের মিলনমেলাও। আগামীতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন দেখতে চান তিনি।

আয়োজক কমিটির সদস্য আবিদ খান বলেন, অতীত থেকেই নড়াইলে আর্জেন্টিনার সমর্থক বেশি রয়েছে। তবে আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যা দিন দিন বাড়ছে। ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই আমাদের এই আয়োজন। সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতে আরও বড় আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।
আয়োজক কমিটির অন্যতম সদস্য অপু বলেন, অল্প সময়ের প্রস্তুতি থাকলেও সবার আন্তরিক সহযোগিতায় শোভাযাত্রাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে সমর্থকদের উপস্থিতি প্রমাণ করে আর্জেন্টিনার প্রতি অনেক বেশি ভালোবাসা রয়েছে।
এদিকে, নড়াইলের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার পতাকা উড়িয়েছেন ভক্তরা। অন্যান্য দলের সমর্থকদের তুলনায় জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বেশি চোখে পড়ছে বলে জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
প্রতিনিধি/টিবি