জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে পুশইনে সহায়তা করার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ জুন) রাতে সীমান্ত এলাকা থেকে চারজনকে বিজিবি এবং তিনজনকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (১৬ জুন) গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির বরাত দিয়ে তিনি জানান, সোমবার রাত ১১টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। সে সময় রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা সাত বাংলাদেশি ওই নারীকে বাংলাদেশে আসতে গোপনে সহায়তা করছিলেন।
ওসি জানান, বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে পুশইন প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করেন। পরবর্তীতে ভোর চারটার দিকে বিজিবি আটককৃতদের গোমস্তাপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে।
তিনি জানান, আটককৃতদের নাম-পরিচয় যাচাই-বাছাই শেষে পরে বিস্তারিত জানানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১৬ বিজিবির (নওগাঁ) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, সোমবার রাতে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল।
তবে বিজিবি টহল দলের তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপে সেই পুশইন প্রতিহত করা হয় বলে জানান কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
প্রতিনিধি/এএইচ