জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১১:৪৭ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর প্রীতি ফুটবল ম্যাচ। রোববার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হয়।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। উদ্বোধনের আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

বর্ণাঢ্য সাজসজ্জা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দল মাঠে প্রবেশ করলে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ। রেফারির বাঁশিতে খেলা শুরু হওয়ার পর প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধজুড়ে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। একাধিক গোলের সুযোগ সৃষ্টি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয় এবং উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। প্রিয় দলের পতাকা, জার্সি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো খেলার পরিবেশ।
খেলা শেষে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী ফুটবলার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিত কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহমান কাজল, নুরুল ইসলাম, লিখন ও আশরাফুল আলমসহ ক্রীড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন অন্তনু বিশ্বাস, রাসেল হোসেন ও জামাল হোসেন। ধারাভাষ্য প্রদান করেন রবিউল ইসলাম।