জেলা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে ১১ লাখ ৪৪ হাজার টাকার নকল ডারবি সিগারেট জব্দের ঘটনায়, ক্রাউন টোবাকোর মালিকসহ ৩ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
রোববার (১৪ জুন) সকালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেডের লিগ্যাল অফিসার কাজী মরতুজা রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদুর রহমান।
মামলায় আসামি করা হয়েছে মোড়েলগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ডের সানকিভাংগা গ্রামের মৃত সুন্দর আলী খানের ছেলে ক্রাউন টোবাকোর মালিক মো. বদরুল আলম খান ভদ্দর (৫৬), নূর বয়াতির ছেলে মনির বয়াতি (৫৫) ও মজিবর শেখ (৬০)।
এর আগে, শনিবার বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ১১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের নকল ডারবি সিগারেট জব্দ করে।
এ সময় জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারী কাস্টম্স, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মনোনীত প্রার্থী গ্রিন বাংলা টোবাকোর মালিক বাবু সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা টোব্যাকোর মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু উপস্থিত ছিলেন।

ব্রিটিশ আমেরিকান টোবাকো মোরেলগঞ্জ-শরণখোলার ডিলার মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা টোব্যাকোর ডারবি সিগারেটের নকল কপি তৈরি করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।
ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রিন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দের কারখানা থেকে কয়েকমাস আগে সিগারেট তৈরির মেশিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার(১৩ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালায়। অভিযানে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ ১১ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের নকল ডারবি সিগারেট জব্দ করে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
প্রতিনিধি/এসএস