বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট তৈরির কারখানার পাশে গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল ডারবি সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রায় ১০ লাখ শলাকা ডারবি সিগারেট ও আরও কয়েক লাখ সিগারেট তৈরির মালামাল জব্দ করে। একই সাথে মোরেলগঞ্জ থানা পুলিশ, চুরি হওয়া সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামাল ও যন্ত্রাংশ জব্দ করে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম, সহকারী কাষ্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, মোরেলগঞ্জ-শরণখোলায় বিএনপি মনোনীত প্রার্থী গ্রিন বাংলা টোবাকো’র মালিক বাবু সোমনাথ দে ও ব্রিটিশ-আমেরিকা টোব্যাকোর মোরেলগঞ্জ-শরণখোলার বিক্রয় এজেন্ট মাসুদ করিম টিটু এ সময় উপস্থিত ছিলেন।
সোমনাথ দে বলেন, গত আগস্ট বিল্পবের পরেই বাধাল এলাকায় থাকা তার গ্রিন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেশিন ও সিগারেট তৈরির মালামাল চুরি হয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে কিছু চোরাই মাল উদ্ধার করেছে। আরও উদ্ধার হবে।
বিজ্ঞাপন
মাসুদ করিম টিটু বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় ব্রিটিশ-আমেরিকা ট্যোবাকোর ডারবি সিগারেটের নকল কপি তৈরি করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো নকল ডারবি বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, গ্রিন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েকমাস পূর্বে সিগারেট তৈরির মেশিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার(১৪ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ভদ্দর ও এর কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। কারখানায় তালা লাগিয়ে সবাই পালিয়ে যায়। এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে।

ঘটনাস্থল থেকে এসআই উত্তম কুমার জানান, অভিযানে সোমনাথ দের কারখানা থেকে চুরি হওয়া কিছু মালামাল জব্দ হয়েছে। অভিযান এখনো শেষ হয়নি। পুলিশ ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অবস্থান করছে। আরো কিছু চোরাই মালামাল জব্দ হতে পারে।
প্রতিনিধি/এসএস




