Dhaka Mail Logo

সারাদেশ

ঝিনাইদহে ধর্ষণের অভিযোগে রিকশাচালককে গণপিটুনি

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৬, ১২:৫৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে মীর ফারুক নামে এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (১৩ জুন) সকালে কালীগঞ্জ শহরের মহিলা কলেজের পেছনে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মীর ফারুক কলেজপাড়ায় এক ভাড়া বাড়িতে বসবাস করেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে প্রতিবেশির ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে মীর ফারুক। শনিবার সকালে ওই মেয়ে তার মাকে ঘটনাটি জানায়। এরপর প্রতিবেশিদের মধ্যে জানাজানি হলে এলাকাবাসি তাকে গণপিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে, ওই ব্যক্তির বিরুদ্ধে নিজ কন্যা সন্তানকে শ্লীলতাহানির অভিযোগ করেছে তার স্ত্রী ও সন্তান।

মীর ফারুকের স্ত্রী জানান, সে নিজের কন্যা সন্তানকে শ্লীলতাহানি করেছে। গতকাল বিকেলে মেয়েকে নদীর ধারে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি দেয়। এসময় শ্লীলতাহানির বিষয়ে কাউকে কিছু না বলার প্রতিজ্ঞা করলে তাকে বাড়ি নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মীর ফারুককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এখন তদন্ত চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি