images

সারাদেশ

রাঙ্গাবালীতে আকাশছোঁয়া টাওয়ারের চূড়ায় উড়ছে ব্রাজিলের পতাকা

জেলা প্রতিনিধি

১০ জুন ২০২৬, ১০:১৮ পিএম

বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর প্রিয় দলকে ঘিরে নানা আয়োজন। বিশ্বকাপকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় যখন সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে, তখন পটুয়াখালীর রাঙ্গাবালীতে ব্রাজিল সমর্থকরা দেখিয়েছেন ব্যতিক্রমী উন্মাদনা।

বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার দুর্গম চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার সংলগ্ন এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির উঁচু টাওয়ারের চূড়ায় উঠে ব্রাজিলের পতাকা টাঙান তিন সমর্থক।

এরপর থেকেই টাওয়ারের মাথায় উড়ছে ব্রাজিলের সবুজ-হলুদ পতাকা। এর ওপরে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ জাতীয় পতাকা। দূর থেকে দৃশ্যমান পতাকা দুটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগেই রাঙ্গাবালীর আকাশে উড়তে থাকা ব্রাজিলের পতাকা যেন আগাম ফুটবল উৎসবের বার্তা দিচ্ছে।

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ফুটবল আলোচনা জমে উঠেছে। চায়ের দোকান, বাজার ও বিভিন্ন আড্ডাস্থলে চলছে প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক ও বিশ্লেষণ।

আরও পড়ুন

এবার সাড়ে সাত কিলোমিটার জার্মান পতাকা তৈরি করলেন মাগুরার আমজাদ

স্থানীয় বাসিন্দারা জানান, টাওয়ারের চূড়ায় ব্রাজিলের পতাকা উড়তে দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ ছবি তুলছেন, কেউ আবার কিছুক্ষণ দাঁড়িয়ে পতাকার দিকে তাকিয়ে থাকছেন। চরাঞ্চলের সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা এতটুকু কমেনি। বিশ্বকাপের উত্তাপ মাঠে গড়ানোর আগেই সেই আবেগ ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

ব্রাজিল সমর্থক শাকিল, নিশাত ও নেছার বলেন, বিশ্বকাপ এলেই আমাদের মধ্যে অন্যরকম আবেগ কাজ করে। ছোটবেলা থেকে ব্রাজিলের খেলা দেখে আসছি। তাই প্রিয় দলের পতাকা উঁচুতে উড়তে দেখলে আলাদা ভালো লাগে। ফুটবল আমাদের কাছে শুধু একটি খেলা নয়, এটি আনন্দ ও ভালোবাসার উপলক্ষ। আমরা আশা করছি, এবার বিশ্বকাপের ট্রফি ব্রাজিলের হাতেই উঠবে।

উপকূলের এই দুর্গম চরাঞ্চলে বিশ্বকাপের আমেজ এখনই ছড়িয়ে পড়েছে। আকাশছোঁয়া টাওয়ারের চূড়ায় উড়তে থাকা ব্রাজিলের পতাকাটি যেন সেই উন্মাদনারই প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

প্রতিনিধি/এসএস