আটাত্তর বছর বয়সী মাগুরার কৃষক আমজাদ প্রায় দেড় যুগের ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা।
বুধবার (১০ জুন) মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকাটি প্রদর্শন করা হয়।
বিজ্ঞাপন
আমজাদ হোসেন জানান, ২০০৫ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে জার্মানির হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে সুস্থ হওয়ার পর থেকে জার্মানির প্রতি তার ভালোবাসা জন্মায়। ২০০৬ সালের বিশ্বকাপে প্রথম দেড় কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেন তিনি। এরপর প্রতি বিশ্বকাপে পতাকার দৈর্ঘ্য বাড়ান। ২০১০ সালে আড়াই কিলোমিটার, ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার, ২০১৮ সালে সাড়ে পাঁচ কিলোমিটার এবং এবার সাড়ে সাত কিলোমিটার করেছেন।
২০১৪ সালে তৎকালীন জার্মান রাষ্ট্রদূত তার বাড়িতে গিয়ে সংবর্ধনা দেন এবং জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করেন।
তিনি বলেন, ভালোবাসা থেকেই এগুলো করেছি। পতাকা তৈরি করতে এ পর্যন্ত ৩০ শতাংশ জমি বিক্রি করেছি। তবু কারও কাছে সাহায্য চাইনি।’ তিনি এবারের পতাকাটি জার্মানির জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




