জেলা প্রতিনিধি
১০ জুন ২০২৬, ০১:৪১ পিএম
সিরাজগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে এ আগুনের ঘটনা ঘটে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মাটির আসবাবপত্রের দোকানদার লাল মোহন, সেলুনের দোকানদার রতন দাস, মনোহরি দোকানদার রেজাউল করিম, মিষ্টির দোকানদার চাঁন মিয়া, ভাতের হোটেলের লাল মিয়া, ইলেকট্রনিক এর দোকানদার রিপন এবং মিষ্টির দোকানদার শাহজাহান।
স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন মুহূর্তের মধ্যে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহরি দোকানসহ ৭ দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব দোকানই পুড়ে যায়। প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
কামারখন্দ থানার ওসি হাসেম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।
আরও পড়ুন
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
প্রতিনিধি/টিবি