images

সারাদেশ

আর্জেন্টিনা সমর্থককে মারধরের অভিযোগ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে

জেলা প্রতিনিধি

০৯ জুন ২০২৬, ০২:৪০ পিএম

লক্ষ্মীপুরে পছন্দের দলের পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে। 

মঙ্গলবার (৯ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত আজাদ হোসেন স্থানীয় আব্দুর রহমানের ছেলে। হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আবদুল মজিদের ছেলে রিফাত হোসেনের বিরুদ্ধে।

আরও পড়ুন

বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনা ফিকে কেন, কোথায় হারাল সেই উত্তাপ?

আলম মিয়ার চায়ের দোকানটাই এখন আর্জেন্টিনা

ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে জানান, তার কয়েকজন বন্ধু আর্জেন্টিনার একটি পতাকায় ছবি সংযুক্ত করে লাগাতে যান। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগাতে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে রিভলভার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতের বড় ভাই মনির হোসেন অভিযোগ করেন, রিফাত এর আগেও চাঁদার জন্য তার বুকে রিভলভার ঠেকিয়েছিল। এতে একপর্যায়ে তিনি দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এখন তার ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন তিনি।

আরও পড়ুন

পতাকা, জার্সি আর স্লোগানে মুখর শহর, আর্জেন্টিনা ভক্তদের বর্ণাঢ্য আয়োজন

বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, যারা আছেন

তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনার বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু সেখানে তখন কাউকে পাওয়া যায়নি। আহত যুবক চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছে। থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে