images

সারাদেশ

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৬ জুন ২০২৬, ০২:৪০ পিএম

আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, স্বর্ণ ও কিছু ইমিটেশনের গহনা। গ্রেফতাররা বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত পৃথক দুটি ডাকাতির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

শনিবার (৬ জুন) দুপুরে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন— দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (শাবলা) এলাকার আসলাম সাকিদার (২৭), তালোড়া (ভেলুরচক) এলাকার জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬), শিবগঞ্জ উপজেলার রহবল পশ্চিমপাড়া এলাকার সাইদুর মণ্ডল ওরফে মগা (৩৬), দুপচাঁচিয়া উপজেলার তালোড়া (নওদাপাড়া) এলাকার জুয়েল প্রামাণিক (২৪) এবং কাহালু উপজেলার প্রতাপপুর এলাকার আবদুল ওহাব (২৮)।

পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মণ্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামাণিকের বিরুদ্ধে ১০টি চুরি- ডাকাতি ও দস্যুতার মামলা বিচারাধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গত ১২ মে রাত আনুমানিক ২টার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি (ফকিরপাড়া) এলাকায় রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৮ মে নন্দীগ্রাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে নেমে ডিবি পুলিশের একটি দল শুক্রবার কাহালু, দুপচাঁচিয়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসলাম সাকিদার, জিয়ারুল ইসলাম ও সাইদুর মণ্ডলকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এদিকে, গত ৩১ মে রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় জিয়াউল হকের বাড়িতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির মালিককে মারধর করে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় একই দিন শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

ওই মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার শিবগঞ্জ ও কাহালু এলাকায় অভিযান চালিয়ে জুয়েল প্রামাণিক ও আবদুল ওহাবকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, একটি কানের দুলসহ সাড়ে সাত আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা জব্দ করা হয়। গ্রেফতারদের আদালতে হাজির করা হবে।

প্রতিনিধি/টিবি