images

সারাদেশ

সাদিপুর সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ, ১৫ জনকে সরিয়ে নিল বিএসএফ

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ০২:২৯ পিএম

যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৩ জুন) ভোররাতে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে ১৫ সদস্যের একটি দলকে সরিয়ে নেওয়া হয়। পরে সকালে সীমান্তে ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ চালিয়েও তাদের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

এদিকে, সম্ভাব্য পুশ-ইন প্রতিহত করতে সীমান্তে মোতায়েন করা বিজিবির অতিরিক্ত সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন বাংকার থেকেও সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে সীমান্তে বিজিবির নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত রোববার গভীর রাতে বেনাপোলের সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। পরে সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ ও শিশুসহ আনুমানিক ১৫ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের সীমান্তে আটকে দেন এবং পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দেন।

ঘটনার পর থেকে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখা এলাকায় মানবেতর অবস্থায় থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, বর্তমানে ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন

শূন্যরেখায় ১০ জনের মানবেতর জীবন, সমাধান ছাড়াই শেষ পতাকা বৈঠক

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, আমাদের সীমান্তে বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। বিজিবির স্বাভাবিক টহল অব্যাহত রয়েছে। রোববার রাত থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। এ সময় বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতে অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন করে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব বাংলাদেশ-ভারত সীমান্তেও পড়ছে। বিশেষ করে ভারতে জন্মগ্রহণকারী ও দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক মানুষের নাগরিকত্ব-সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

অন্যদিকে সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার বেনাপোল সফরে আসছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুপুর ১২টার দিকে তিনি সাদিপুর সীমান্ত পরিদর্শন করবেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস