images

সারাদেশ

রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আজ সরাইলে কওমি পরিষদের মানববন্ধন

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৪:১৯ এএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমি ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে আজান ও পবিত্র  কুরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, যা মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর বাসস্ট্যান্ডে এক বিশাল মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।

সোমবার (১ জুন) রাত ৯টায় শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার দফতরে সংগঠনটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ দাবি করেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধের ঘটনাকে কেন্দ্র করে সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক মানববন্ধনে রুমিন ফারহানা যে বক্তব্য দিয়েছেন, তাতে কোরআন তেলাওয়াত ও আজানের মতো ইসলামের পবিত্র বিষয়গুলোকে হারমোনিয়াম, বাদ্যযন্ত্র ও বাউল গানের সঙ্গে একই প্রসঙ্গে উপস্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সভায় বক্তারা বলেন, পবিত্র কোরআন তেলাওয়াত ও আজান মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ও আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এসব বিষয়কে অন্য কোনো সাংস্কৃতিক বা সংগীত উপাদানের সঙ্গে তুলনা বা একই প্রেক্ষাপটে উপস্থাপন করা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

কওমি ঐক্য পরিষদের পক্ষ থেকে উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রুমিন ফারহানাকে দায়িত্বশীল আচরণ ও বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একজন জনপ্রতিনিধির কাছ থেকে ধর্মীয় মূল্যবোধ ও জনমতের প্রতি আরও সংবেদনশীল আচরণ প্রত্যাশিত। এ ধরনের বক্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ সৃষ্টি করতে পারে। একই সঙ্গে সভা থেকে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

জরুরি সভায় সভাপতিত্ব করেন কওমি ঐক্য পরিষদের উপদেষ্টা ও জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলী আযম কাসেমী। এতে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতি শরীফ উদ্দিন আফতাবী, মাওলানা আব্দুল হাফিজ, মুফতি আব্দুর রাকিব, মাওলানা ইউসুফ ভূঁইয়া, মাওলানা জুনাইদ কাসেমী, মুফতি এরশাদুল্লাহ কাসেমী, মুফতি যুবাইর সাইফুল্লাহ, মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা সৈয়দ কাসেম, মাওলানা ইফতিখার জামীল, মাওলানা ইকরামুল মারজানসহ কওমি ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত, সামাজিক মাধ্যমে ক্ষোভ  

উল্লেখ্য, গত শনিবার (৩০ মে) রাতে কসবা উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আয়োজকদের অভিযোগ, প্রদর্শনী শুরুর আগে প্রশাসন ও পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। একই দিন ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়েও চলচ্চিত্রটির আরেকটি প্রদর্শনীর আয়োজন করা হলেও কওমি ঐক্য পরিষদ নেতাদের বিরোধিতার মুখে তা স্থগিত করা হয়।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (১ জুন) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর প্রথম গেইট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ‘সরাইলের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, কওমি ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার ঘোষিত মানববন্ধনের বিষয়ে পুলিশ সম্পূর্ণ অবগত রয়েছে। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বন্ধ হওয়ায় এর প্রতিবাদে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার একটি মানববন্ধন কর্মসূচি ছিল। এর পাল্টা কর্মসূচি হিসেবে কওমি ঐক্য পরিষদ আজ মানববন্ধনের আয়োজন করেছে।

ওসি আরও বলেন, কর্মসূচিকে ঘিরে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশের কার্যক্রম জোরদার থাকবে।

প্রতিনিধি