জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ১২:৩০ পিএম
ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার মোটরসাইকেল আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চারটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রোববার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা বের হওয়ার সময় ট্রাফিক পুলিশের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
জানা যায়, ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকরা জাতীয় পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। শতাধিক সমর্থকের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে কিছু সময় অবস্থান করে সমর্থকরা আনন্দ-উল্লাস করেন এবং আতশবাজি ফোটান।
পরে শোভাযাত্রাটি সরকারি কলেজ মোড়, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি এলাকা, হাসপাতাল সড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। এ সময় শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং পথচারী ও ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে বিকট শব্দ সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত অভিযানে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেওয়া হয়েছে। এ সময় মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শব্দদূষণ সৃষ্টিকারী পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করায় চারটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। অনুমোদিত সাইলেন্সার সংযুক্ত করে বৈধ কাগজপত্র প্রদর্শনের পর মোটরসাইকেলগুলো ফেরত দেওয়া হবে।
এআরএম