images

সারাদেশ

যারা এতদিন মাজলুম ছিল, তারা জুলুম শুরু করেছে: শিবির সভাপতি

জেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, ০১:১২ এএম

বিএনপিকে উদ্দেশ করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতদিন মাজলুম ছিল, তারা এখন জুলুম শুরু করেছে। মাজলুম যখন জালেম হয়, তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

শনিবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করার দাবিতে ছাত্রশিবির আন্দোলন করছে। অন্যদিকে নিজেদের বৃহত্তম ছাত্রসংগঠন দাবি করা কিছু সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজি নিয়ে ব্যস্ত।’

আরও পড়ুন: ছন্নছাড়া নেতাকর্মীরা, কোন পথে আওয়ামী লীগের ভবিষ্যৎ?

তিনি দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রশিবিরের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। অন্য সংগঠনগুলো বাইরে থেকে লোক এনে কর্মসূচি সফল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, পুরোনো ও অজনপ্রিয় রাজনীতির কারণে শিক্ষার্থীরা ওই সংগঠনগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি নুরুন নবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ এবং সাবেক ছাত্রশিবির সভাপতি মো. ওমর ফারুক।