Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

২৭ মে ২০২৬, ০৫:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও রাধিকা-নবীনগর সড়কের রাধিকা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, “ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ” ব্যানারে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়। পরে দুপুর ১২টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত ৮

ভিডিওতে দেখা যায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি এবং শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন মিছিলকারীরা। এসময় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান হৃদয় সাদা পায়জামা-পাঞ্জাবির ওপর মুজিবকোট পরে ব্যানারের সামনে জাতীয় পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেন। তার পেছনে থাকা ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দেন।

744a46c3-75b6-4ae7-9c58-c210afaa2840

এর আগে, গত মঙ্গলবার (১২ মে) সকালে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত ঝটিকা মিছিলটি নবীনগর সড়কের দিকে হয়েছে। কুমিল্লা-সিলেট মহাসড়কের রাধিকায় এমন মিছিল চোখে পড়েনি। তবে ভিডিও পেয়েছি। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঝটিকা মিছিল করে থাকলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস