images

সারাদেশ

গজারিয়ায় কাভার্ড ভ্যান-লরি সংঘর্ষে হেলপার নিহত, চালক গুরুতর আহত

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৬, ০২:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে কাভার্ড ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

​রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক সোয়া দুইটায় গজারিয়া থানাধীন দড়ি বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনের ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত লরি হেলপারের নাম অন্তর দাস (১৮)। নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের ছেলে। অন্যদিকে আহত কাভার্ড ভ্যান চালকের নাম নুরুল আলম (৪০) বলে জানিয়েছে পুলিশ।

​হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া দুইটার দিকে ঢাকাগামী লেন থেকে চট্টগ্রামমুখী লেনে যাওয়ার জন্য একটি কাভার্ড ভ্যান বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে ইউটার্ন নিচ্ছিল। এ সময় চট্টগ্রাম অভিমুখে ছেড়ে আসা একটি দ্রুতগতির লরি কাভার্ড ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যান ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানের চালক ও লরির হেলপার দুজনেই কেবিনের ভেতর আটকে পড়ে গুরুতর আহত হন।

আরও পড়ুন

মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

​দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লরির হেলপার অন্তর দাসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, কাভার্ড ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

​ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস