ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৪ মে) দিবাগত রাত ৩টায় থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এ সময় এক ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত ট্রাক চালক মো. হোসেন (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা।
বিজ্ঞাপন
অন্যদিকে, রাত সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে বাস-প্রাইভেট কার-বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে এক প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, মোহাম্মদ তৌফিক সিদ্দিক (বগুড়া), সিনতিয়া (ফরিদপুর) ও হামিদা (সিরাজগঞ্জ)।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরে এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোররাত থেকে কয়েক ঘণ্টা যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয় মহাসড়কে।
এ ঘটনা নিহতের মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুটি ঘটনায় আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এক্সপ্রেসওয়েতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার কার্যক্রমে ছবিটি ফায়ার সার্ভিসের কাছ থেকে সংগ্রহীত।
প্রতিনিধি/এসএস




