images

সারাদেশ

নেত্রকোনায় ২ হাজার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

জেলা প্রতিনিধি

২৫ মে ২০২৬, ০১:২৮ পিএম

নেত্রকোনায় ২ হাজার ইয়াবাসহ শালা-দুলাভাইকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) রাতে জেলার দুই স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)। তারা সম্পর্কে শালা-দুলাভাই বলে জানা গেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে প্রথমে জেলা সদরের ইটাখলা বাজারের পাকা রাস্তা থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন

বাসের যাত্রী সেজে পাচার করছিল ইয়াবা, পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

পরে তার দেওয়া তথ্যে পৌরশহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে খাটের তোষকের নিচে একটি ব্যাগে রাখা আরও ৬০০ পিস ইয়াবা পাওয়ার পর তাকে আটক করা হয়।

অভিযানে মোট ২ হাজার পিস ইয়াবা ছাড়াও এক জোড়া স্যান্ডেল, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে।

প্রতিনিধি/এসএস