জেলা প্রতিনিধি
২৫ মে ২০২৬, ০৯:৪৭ এএম
নওগাঁয় পত্নীতলা উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল এলাকার হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬) ও ধামইরহাট উপজেলার দুর্গাপুর এলাকার অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আটোরিকশাটি নজিপুর থেকে ধামইরহাট উপজেলার ফতেপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা এক ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলাম মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিয়ামতপুর থানার ওসি নিয়ামুল হক বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘটনার পর ড্রাম ট্রাকটি পালিয়ে যাওযায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রতিনিধি/টিবি