জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ০১:৩৬ পিএম
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের পর বাসটি উল্টে খাদে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩০ জনেরও বেশি বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের ওপরে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রামট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রীর ১০-১৫ জনের অবস্থা গুরুতর।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে আসছিল। পথে খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। পরে ভ্যানটিকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। হতাহতদের নাম-পরিচয় কিছুই জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করছেন। আহতদের নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, আশঙ্কাজনক অবস্থায় আনা ওই চারজনের মধ্যে আরও দুজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিনিধি/টিবি