জেলা প্রতিনিধি
২৩ মে ২০২৬, ১২:৪৫ পিএম
বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
ওই শিশুর বাবা নিজে বাদী হয়ে শওকত শেখ (৪১) নামে এক প্রতিবেশীকে অভিযুক্ত করে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মে সকালে ওই যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
অভিযুক্ত শওকত শেখ ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে।
পুলিশ মামলার বরাত দিয়ে জানায়, ভিকটিম শিশুর বাবা দরিদ্র ভ্যানচালক। সেই সুবাদে প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ি থেকে বের করে সামনে রাস্তার ওপর রাখেন। গত ১৮ মে সকাল ১০টার দিকে ওই শিশু ভ্যানটি পরিষ্কার করছিল। এসময় অভিযুক্ত আসামি ওই শিশুকে পিছন দিক থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় ওই শিশুর ডাক চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অভিযুক্ত আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
তিনি আরও বলেন, ওই আসামি সম্প্রতি মাদক মামলায় ছাড়া পেয়ে এ ঘটনা ঘটায়। আসামি বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
প্রতিনিধি/টিবি