জেলা প্রতিনিধি
২২ মে ২০২৬, ০৫:৩০ পিএম
নড়াইল সদর উপজেলায় মসজিদের কমিটি গঠন ও মক্তবের জন্য মহল্লাহ হতে সাপ্তাহিক চাল তোলা নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসাকালে পুনরায় সৃষ্ট বিরোধে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া (বনিকপাড়া) জামে মসজিদের কমিটি গঠন ও মসজিদের জন্য মহল্লাহ সাপ্তাহিক চাল (মুষ্টির চাল) আদায় নিয়ে একই মহল্লার আলম ও মেজবাহ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিষয়টি মীমাংসার জন্য বৈঠক বসে। উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা সভা চলাকালে মতানৈক্য সৃষ্টি হওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে আলম গ্রুপের সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশাহ, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, ওই এলাকার জিন্না বিশ্বাস, মো. রাব্বি বিশ্বাসসহ মোট ৮ জন।
অপরপক্ষের মেজবাহ গ্রুপের আহত ৪ জন হলেন সিঙ্গিয়া পাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস ও হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্যা। তারা সবাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস