জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৮:০৭ পিএম
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, ঈদে ঘরমুখো মানুষদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে জন্য পাটুরিয়া নৌ-ঘাটসহ দেশের প্রতিটি ঘাটে নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কোথাও কোনো ধরনের অব্যবস্থাপনা আছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে যানবাহনগুলোকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে হবে। আগে যাত্রীদের নিরাপদে ফেরিতে ওঠানো হবে, এরপর পর্যায়ক্রমে যানবাহন পারাপার করা হবে। এতে করে যাত্রীদের ভোগান্তি কমবে এবং যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং ঘাট সংশ্লিষ্ট সকল দফতর সমন্বিতভাবে কাজ করছেন। এছাড়াও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
প্রতিমন্ত্রী ঘাট কর্তৃপক্ষের কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো ঘাট এলাকায় অব্যবস্থাপনা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান যাত্রীদের উদ্দেশে বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে আপনাদের চলাচলের আহ্বান জানাচ্ছি। আপনারা নিয়ম মেনে ঘাট পারাপার করলে দুর্ঘটনা ও ভোগান্তি অনেকাংশে কমে আসবে।’
আরও পড়ুন: এক সপ্তাহে নৌ-পুলিশের ৮২ মামলা, আটক ২৬৫
ইতোমধ্যে পাটুরিয়া ঘাট পার হয়ে ঘরমুখো মানুষ ঈদ যাত্রা শুরু করেছেন। পাটুরিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদে ঘরে ফেরা যাত্রীদের পারপার করা জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। যাতে যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে না হয়।
প্রতিনিধি/এমআই