জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ০৭:৪৬ এএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শাশুড়িকে দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস সামাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী মর্জিনা বেগম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সামাদ তার স্ত্রী ও স্বজনদের নিয়ে রাণীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে শাশুড়ির দাফন সম্পন্ন করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় সড়কের ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এসময় আব্দুস সামাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহতের ভাই আব্দুল কাদের জানান, আমরা তিন ভাই আলাদা আলাদা মোটরসাইকেলে একসঙ্গে বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে আমার ভাইয়ের মোটরসাইকেলটি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী মর্জিনা বেগমও গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে স্থানান্তর করেন।
রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে, অন্যথায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/টিবি