জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০১:৩৬ পিএম
দিনাজপুরে একটি কোচিং সেন্টারে কলেজ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভ দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি শাহিনুর ইসলাম শাহিনকে (২৭) কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী।
গ্রেফতার শাহিন দিনাজপুরের খানসামা থানার দক্ষিণ গোবিন্দপুর এলাকার আবু সামাদের ছেলে।
র্যাব জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত শাহিন কোচিং সেন্টার চালু করে স্থানীয় ছাত্র-ছাত্রীদের পাঠদান করতেন। সেই সুবাদে ভুক্তভোগী ওই কোচিং সেন্টারে প্রাইভেট পড়তেন। প্রাইভেট পড়াকালীন সময়ে শাহিন প্রায়ই প্রেম ভালোবাসার প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিল ওই ছাত্রীকে। এরই প্রেক্ষিতে গত ২৩ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে কোচিং শেষে অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে ওই শিক্ষার্থীকে আলাদাভাবে কথা বলার জন্য বসিয়ে রাখে। সব ছাত্র-ছাত্রী কোচিং সেন্টার থেকে বাড়ির উদ্দেশে রওনা করলে, অভিযুক্ত শাহিনুর ইসলাম শাহিন কোচিং সেন্টারের দরজা বন্ধ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভনে ঘুরতে গিয়ে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করে তাকে। ওই শিক্ষার্থী বিয়ের চাপ দিলে গত ১৮ এপ্রিল তাকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেন শাহিন। এরপর ভুক্তভোগী তার পরিবারকে বিষয়টি সম্পর্কে অবগত করে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দিনাজপুর জেলা, খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সঙ্গে আত্মগোপনে ছিল।
বিষয়টি র্যাব ১৩ আমলে নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলার উলিপুর পৌরসভার সরদার পাড়ায় অভিযান পরিচালনা করে শাহিনকে গ্রেফতার করে।
রংপুর র্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস