images

সারাদেশ

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৪০

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৮:৪৮ এএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় দিরাই উপজেলার আলীনগর গ্রামে সাহাদিপ মেম্বার ও মনির পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।

জানা যায়, বেশ কয়েক বছর ধরে আলীনগর গ্রামের ২টি বিল ইজারা নিয়েছিলেন মনির পক্ষের লোকজন। তারা ৭-৮ গ্রামের লোকজন নিয়ে এই বিল দুইটি ভোগদখল করে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই বিল দুইটি দখলে নিয়েছেন স্থানীয় ভাটিপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাহাদিপ ও তার লোকজন। সন্ধ্যায় ইউপি সদস্যদের লোকজন মনির পক্ষের লোকদের ওপর আক্রমণ চালায়। ২ ঘণ্টা ধরে দেশীয় অস্ত্র নিয়ে মনির পক্ষের লোকদের মারধর করেন। এতে অস্ত্র, রড, সুলফিসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে মনির পক্ষের ৩০ জন ও সাহাদিপ পক্ষের ১০ জন আহত হয়েছেন।

আহত লুকমান বলেন, সাহাদিপ মেম্বারের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের একেকজনের ওপর ৫-৭টা করে মামলা করে রেখেছে। আমার নিজের ওপরেই ৫টি মামলা রয়েছে।

রফিকুল মিয়া বলেন, বিকেলে সাহাদিপের লোকজন আমাদের আলগা বড়িতে আক্রমণ করেছে। আমরা হাওড় থেকে ধান কাটা ফেলে এসে দেখি আমাদের প্রায় ২৫-৩০ জনকে মারধর করা হয়েছে। আমরা আহতদের সদর হাসপাতালে নিয়ে এসেছি। গুরুতর আহত যারা তাদের সিলেট পাঠানো হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা  নেব।

প্রতিনিধি/টিবি