images

সারাদেশ

ভুসির বস্তায় মিলল ১০৮ বোতল বিদেশি মদ, আটক ৩

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৬, ০৭:৫৯ এএম

শেরপুরের নকলা পৌর এলাকায় পিকআপের ভুসির বস্তায় খুলে পাওয়া গেল ১০৮ বোতল বিদেশি মদ। এ সময় তিন মাদক কারবারিকেও আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) বিকেল ৪টায় শেরপুরের নকলা পৌর এলাকার গড়েগাঁও মোড় থেকে এ বোতলগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন—শ্রীবর্দী উপজেলার করুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রুহুল আমিন (৩৭), ঝিনাইগাতী উপজেলার আবেদ আলীর ছেলে মো. নুর মোহাম্মদ (২৮) ও শ্রীবর্দী উপজেলার করুয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে নকলা থানার পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, গোপন সংবাদে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভুসির বস্তায় করে বিদেশি মদের একটি চালান ঢাকায় পাঠানো হবে। এর পরই নকলা থানার পুলিশ নকলা পৌরসভার গড়েগাঁও মোড়ে অবস্থান নেয় ও সেই পিকআপের গতিরোধ করে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, এ সময় পিকআপের চালকসহ ৩ জনকে আটক করা হয়। আটক করা পিকআপটিও নকলা থানার হেফাজতে রাখা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সার্কেল নাসরিন জাহান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে শেরপুর জেলার পুলিশ প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থা ঘোষণা ও নিয়মিত পুলিশের টিম কাজ করছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নকলা থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি