জেলা প্রতিনিধি
১১ মে ২০২৬, ০৯:৫৭ এএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবহান প্রামানিককে (৭০) নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়। আহত শেফালী খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামে একজনকে ঘাতক সন্দেহে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।
স্বজনদের অভিযোগ, খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ওই এলাকায় পিতা ও সন্তান নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। সে এ হত্যায় জড়িত কিনা যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
প্রতিনিধি/টিবি