images

সারাদেশ

সাতক্ষীরায় ব্যক্তিকে কুপিয়ে হত্যা, মরদেহ মিলল পুকুরে

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০২:৫০ পিএম

সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে জিন্নাত আলী ওরফে জিন্নাহ (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জিন্নাহ সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সর্ব কাশিমপুর গ্রামের মোহর আলী সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৬টার দিকে সর্ব কাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘেরের ভেতরের এক পুকুরে এক ব্যক্তির দুই পা পানিতে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হলে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় সকাল ৭টার দিকে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের ডান চোখের ওপরে কপালে, ডান কানের পেছনে এবং মাথার পেছনের ডান পাশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে।

সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত ঘোষ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/টিবি