images

সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৮:০২ এএম

খুলনার বটিয়াঘাটা উপজেলার রাইঙ্গেমারি এলাকায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ মে) সন্ধায় এ হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হাবিবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারটি মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে ফাঁকা গুলি ছুঁড়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানায়, আজিজুলের বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে। নিহতের গলা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যা রহস্য উদঘাটনের কাজ চলছে। সিআইডি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

প্রতিনিধি/টিবি