জেলা প্রতিনিধি
০৭ মে ২০২৬, ১১:১১ এএম
বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মো. মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মুজাহিদুল ইসলাম উপজেলার হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে ও অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।
চিতলমারী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বাগেরহাটের চিতলমারীর হিজলা এলাকায় মুজাহিদুল ইসলামের দোকান থেকে বাইজিদ নামের এক যুবক জুস কেনাকে কেন্দ্র করে তর্কে জড়ায়। এর এক পর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত বাইজিদ কাঁচি দিয়ে মুজাহিদুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে আটক করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি