images

সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর 

জেলা প্রতিনিধি

০৭ মে ২০২৬, ০৬:৪৯ এএম

নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মাও গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (৬ মে) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ফয়সাল একই গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি