জেলা প্রতিনিধি
০৬ মে ২০২৬, ০৬:৫৪ এএম
লালমনিরহাটে পৃথক অভিযানে জাতীয় ছাত্রশক্তির দুই নেতাসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড ও অনলাইন জুয়া ক্যাসিনো খেলার সামগ্রী জব্দ করা হয়।
মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়া খেলায় আটকদের মধ্যে জাতীয় ছাত্রশক্তি লালমনিরহাট জেলা কমিটির যুগ্ম আহবায়ক মাসুদ ইসলাম ও সংগঠক রাব্বি সরকার সৌরভ নামে দুজনকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে আটক করে পুলিশ। এসময় প্রাথমিক জিজ্ঞাসা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ওই দুই নেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় এ অভিযান চালায়। এ সময় একটি বসতঘরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৬ জনকে আটক করে পুলিশ। আটকরা বিভিন্ন জুয়ার সাইটে নগদ ও বিকাশের মাধ্যমে লেনদেন করতো। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড উদ্ধার করা হয়। মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও সাইটের প্রমাণ পাওয়া গেছে।
একই দিনে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় সদর থানা পুলিশের অভিযানে অনলাইন জুয়া খেলার সময় আরও ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়। জব্দ করা ডিভাইসগুলোতে বিভিন্ন জুয়া সংক্রান্ত অ্যাপ্লিকেশন ও লেনদেনের তথ্য পাওয়া গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, লালমনিরহাট জেলাকে আলোকিত লালমনিরহাট গড়ে তুলতে স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারই ধারাবাহিকতায় মাদক, জুয়া ও সন্ত্রাস মুক্ত করতে এ অভিযান চালানো হয়।
প্রতিনিধি/টিবি