images

সারাদেশ

চিপসের প্যাকেটে মিলল ইয়াবা, কারবারি আটক

জেলা প্রতিনিধি

০৫ মে ২০২৬, ১১:০১ এএম

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসার উদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন।

এর আগে সোমবার (৪ মে) গভীর রাতে নোয়াখালী পৌর এলাকার লক্ষীনারায়ণপুর থেকে তাকে আটক করা হয়।

আটক আফসার উদ্দিন কক্সবাজারের টেকনাফ থানার উলুচামরী (দক্ষিণ হিল্লা) গ্রামের ফরিদ আলমের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীনারায়ণপুর ৩ নম্বর ওয়ার্ডের মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে একটি ‘বাঁধন পরিবহন’ বাসের ভেতর তল্লাশি চালিয়ে অভিযুক্ত আফসার উদ্দিনকে আটক করা হয়। আটকের পর আসামির দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি চিপসের প্যাকেট বের করে দেন। কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ওই চিপসের প্যাকেটের ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ ইয়াবাসহ আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি