জেলা প্রতিনিধি
০৩ মে ২০২৬, ০৮:০২ এএম
ফরিদপুর সদর উপজেলার ১ নম্বর ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
শহীদুল ইসলাম মজনু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঈশান গোপালপুর ইউনিয়ন সভাপতি। চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ তার বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা অর্থ পাচার ও অস্ত্র আইনের একাধিক মামলাসহ অপকর্মের বহু অভিযোগ রয়েছে।
ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো ওই নোটিশে ১০ কার্যদিবসের মধ্যে মজনুকে কারণ দর্শাতে বলা হয়েছে যে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না। জেলা প্রশাসকের মাধ্যমে তিনি এই জবাব দেবেন, যা পরবর্তীকালে মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ইউএনও আরও জানান, বরখাস্ত হওয়া চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া আগামী রোববার জেলা প্রশাসকের কাছে আর্থিক ও প্রয়োজনীয় অন্যান্য দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে মজনুর।
স্থানীয় সূত্র জানায়, গত দুই মেয়াদে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মজনু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় যে মামলা করেছিল, সেই মামলার অন্যতম আসামি তিনি। এ ছাড়া ২০২২ সালের ২৩ জুলাই বিদেশি পিস্তল ও গুলিসহ ডিবি পুলিশের হাতে এবং একই বছরের ১৫ ডিসেম্বর প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো ধর্ষণ মামলায় তিনি গ্রেফতার হয়েছিলেন।
মজনুর নানাবিধ অপকর্মের প্রতিবাদে ও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবিতে এর আগে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ইউনিয়নবাসী। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাতেও তাকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রতিনিধি/টিবি