জেলা প্রতিনিধি
০১ মে ২০২৬, ০৮:২৫ পিএম
শ্রমিকের মুখে হাসি ফোটাতে পারলেই দেশের উন্নয়ন টেকসই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জনগণের ভোটে প্রতিষ্ঠিত বিএনপি সরকার নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনকল্যাণে একে একে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচির সুফল শ্রমজীবী মানুষ পাচ্ছে এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে পাবে।’
তিনি জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিল-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বহুমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি সরকার ভুলে যায়নি। অর্থনীতির ওপর চাপ থাকা সত্ত্বেও সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রিন্স বলেন, ‘একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়াই প্রমাণ করে, আগের ও পরের জামায়াত এক ও অভিন্ন। স্বাধীনতার আগে ও পরের জামায়াত যদি এক না হয়ে থাকে, তারা যদি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা ও সম্মান জানিয়ে থাকে, তবে একাত্তরে স্বাধীনতার বিরোধিতা এবং পাক হানাদার বাহিনীকে সহযোগিতার অপরাধে দেশবাসীর কাছে ক্ষমা চায় না কেন?’
ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিদুল হক মোহনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ এমপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিগত আওয়ামী লীগ আমলে কারাগারে আটক থাকা শ্রমিক দলের নেতাকর্মীদের ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। সমাবেশে বিপুলসংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এমআই