Dhaka Mail Logo

সারাদেশ

গহনা ছিনতাইয়ে নারী দোকানির মাথায় ইট মেরে হত্যা

জেলা প্রতিনিধি

২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম

গহনা ছিনতাইয়ে জন্য এক নারী দোকানির মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে এক পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

ওই নারী দোকানির নাম বীথিকা রানী ঘোষ (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।

মাগুরা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদিখানা দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করে সংসার নির্বাহ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার স্বর্ণের গহনা ছিনিয়ে নিতে আক্রমণ চালায়। এ সময় দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করে। এর পর মরদেহ পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়।

ওই নারীর হাতে স্বর্ণের রুলি, গলায় স্বর্ণের চেইন এবং দুই কানে স্বর্ণের দুল ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদী পক্ষ এজহার দিয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি