জেলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পিএম
রাজশাহীর দূর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মারধর করার দায়ে আলেয়া খাতুন হীরা নামে সেই শিক্ষিকাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিচালক বলেন, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের স্বার্থে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুরো বিষয়টি সবার কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হয়েছে।
এদিকে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রাজ্জাক ও প্রদর্শক আলেয়া খাতুনের অপশাসনের অভিযোগ তুলে তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। রোববার বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কলেজের শিক্ষক ও কর্মচারীরা দাবি করেন, গত ২৩ এপ্রিল তাফসিরুল কমিটির সদস্যরা কলেজের মাঠ ব্যবহার ও আর্থিক সহযোগিতার বিষয়ে কথা বলতে আসলে আলেয়া খাতুন হীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাঁদাবাজ অ্যাখা দিয়ে মোবাইলে ভিডিও করতে শুরু করেন। ভিডিও বন্ধ করতে বললে আলেয়া খাতুন হীরা তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণেই কলেজে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
অধ্যক্ষ ও আলেয়ার বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ইতোমধ্যে বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর অশোভন আচরণের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার শিক্ষিকা আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। ফলে এই ঘটনার তদন্তে নামে কর্তৃপক্ষ।
প্রতিনিধি/এফএ