images

সারাদেশ

রাজাপুরে ইটবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

জেলা প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর ইসলাম ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ পিপলিতা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি তিন চাকার ট্রলির সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রলিটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় হেলপার তানভীর ইসলাম ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রলির চালক শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে অপর একটি ট্রলির চালক সাব্বির স্থানীয়দের সহযোগিতায় আহত তানভীরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি