images

সারাদেশ

গাজীপুরে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ, বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র গরমের মধ্যেই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে পৌণে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

8a4b9dff-5111-4244-9b35-18b9e0827d32

আন্দোলনকারীদের অভিযোগ, গত ২১ এপ্রিল ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফরহাদ হোসেন ও তার লোকজনের ওপর হামলা চালায়।  এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। হামলায় সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হন।  এ ঘটনায় দায়ীদের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন তারা। সকাল ১১টার দিকে সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

5ccf5754-04a1-4c53-96c7-7fd5104dd08c

আহত ফরহাদ হোসেনের স্ত্রী তানজিনা ইসলাম বলেন, ফরহাদ কোনো উড়ে এসে জুড়ে বসা নেতা নয়। তিনি জুলাই যোদ্ধা এবং আগে থেকেই বিএনপির আন্দোলন সংগ্রামে ছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যে ডেকে নিয়ে মেরে ফেলতেই হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে তদন্ত করে দোষীদের বিচার চাই।

 

এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, হামলাকারীদের বিচার দাবিতে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবরোধ সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

প্রসঙ্গত: মৌচাক এলাকায় হোপলুন কারখানা থেকে ঝুট বের করা নিয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ও মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ককটেল বিস্ফোরণ ও একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যান।

প্রতিনিধি/টিবি