images

সারাদেশ

বরগুনায় অতিরিক্ত পেট্রোল নিতে গিয়ে মোটরসাইকেলে আগুন

জেলা প্রতিনিধি

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ এএম

বরগুনা পৌর শহরে লোভ করে অতিরিক্ত জ্বালানি নিতে গিয়ে মুহূর্তেই একটি মোটরসাইকেলে আগুন লেগে তা পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে চালক মোটরসাইকেল ফেলে অদৃশ্য হয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর রোডের পশ্চিম বরগুনা এলাকায় একটি তেল বিক্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তেল নেওয়ার সময় পেট্রোল উপচে ইঞ্জিনে পড়ে গেলে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী বশির বলেন, তেল দেওয়ার সময় ঝাঁকুনির কারণে পেট্রোল পড়ে যায়, এরপরই আগুন লাগে।

আরও পড়ুন

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ল ২০০ বিঘা ধান

আরেক প্রত্যক্ষদর্শী স্বপন বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমাদুল হক বলেন, ইঞ্জিনে পেট্রোল পড়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক পলাতক, তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস