শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ল ২০০ বিঘা ধান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ এএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে অবৈধ ইটভাটার ধোঁয়ায় পুড়ল ২০০ বিঘা ধান

পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতির তোয়াক্কা না করে টাঙ্গাইলের ঘাটাইলে কৃষি জমির পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটার কালো ধোঁয়ায় পুড়ছে কৃষকের স্বপ্ন। বিষাক্ত ধোঁয়ায় ইতোমধ্যে প্রায় ২০০ বিঘা জমির আধাপাকা ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা ও দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত জমি মালিক ও বর্গা চাষিরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের আনহেলা ইউনিয়নের সিংগুড়িয়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ধানখেতের এমন চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


ক্ষতিগ্রস্ত কৃষক ও জমির মালিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, লিয়াকত তালুকদার, খালেক, শফিকুল ইসলাম ও রোস্তম আলীসহ অনেকে জানান, সিংগুড়িয়া এলাকায় অবস্থিত ‘সিয়াম’ ও ‘স্বর্ণা’ ইটভাটার কালো ধোঁয়ায় প্রায় দুই শতাধিক বিঘা জমির ধানগাছের পাতা লালচে হয়ে মরে যাচ্ছে। ধানের নতুন ছড়াগুলো সাদা ও চিটা হয়ে গেছে। সপ্তাহখানেক পরেই যে ধান কাটার কথা ছিল, তা এখন খড়কুটা হওয়ার পথে।

1000088818

কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কৃষি জমির পাশে নিয়মবহির্ভূতভাবে ইটভাটা স্থাপনের পর থেকেই প্রতি বছর ফসল ও শাকসবজির ক্ষতি হচ্ছে। তবে চলতি মৌসুমে ধানখেতে এর প্রভাব সবচেয়ে ভয়াবহ। তারা এই অবৈধ ইটভাটাগুলো অবিলম্বে বন্ধের পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণের জোর দাবি জানান।

ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন সিয়াম ইটভাটার অন্যতম অংশীদার শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘ইটভাটার কালো ধোঁয়ায় আধাপাকা ধানের ক্ষতি হয়েছে। আমি সরেজমিনে ধানখেতগুলো দেখেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’


বিজ্ঞাপন


1000088815

উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান জানান, বিষয়টি জানার পর ক্ষতিগ্রস্ত এলাকায় দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

1000088819

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ জানান, বিষয়টি তাকে কেউ অবহিত করেনি। উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর