images

সারাদেশ

বিদ্যুৎবিহীন পরীক্ষা কেন্দ্রে অর্ধসহস্রাধিক পরীক্ষার্থীর দুর্ভোগ

জেলা প্রতিনিধি

২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎবিহীন অবস্থায় উত্তপ্ত পরিবেশে আধাঘণ্টা এসএসসি পরীক্ষা দিয়েছে ৬৪৬ জন পরীক্ষার্থী।

সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর বিষয়টি জানাজানি হলে পুনরায় বিদ্যুৎ ব্যবস্থা সচল হয় এ পরীক্ষা কেন্দ্রে। এতে পরীক্ষা দিতে এসেও চরম দুর্ভোগে পড়েন কেন্দ্রের ৬৪৬ জন পরীক্ষার্থী।

এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে- সোমবার দিনগত গভীররাতে বৈদ্যুতিক তার চুরি হওয়ার কারণে এ সংকট দেখা দিয়েছিল।

তথ্যমতে, পরীক্ষা শুরু হলেও বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীদের অভিভাবকরা ক্ষুব্ধ হন। এ সময় কেন্দ্র পরিদর্শনে আসলে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীকে বিষয়টি জানায় তারা।

আরও পড়ুন

দিনাজপুর বোর্ডে ১ম দিনের পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১১৭৮

অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার ফলে পড়াশোনায় নানা ধরণের ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে কেন্দ্রে বিদ্যুৎ না থাকাটা দুঃখজনক। এতে পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান তারা।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, এ কেন্দ্রসহ দুটি কেন্দ্রের বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। বিষয়টি জানার পর আমি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে আধাঘণ্টার মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সচল করেছি। তারপর আবার কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ সচল দেখেছি।

এদিকে  বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৮২২জন। মোট এক হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এছাড়া পরীক্ষা উপলক্ষে ৮০টি ভিজিলেন্স টিম কাজ শুরু করেছে পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন ও ছাত্রী রয়েছেন ৪৩ হাজার ৮৮৭ জন।

প্রতিনিধি/এসএস