জেলা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সেই ৩৬ জনের মধ্যে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী রংপুরের রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত নাম। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া জাতীয়তাবাদী আদর্শের ধারক এই নেত্রী চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবাও একজন মুক্তিযোদ্ধা সংগঠক।
অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী ১৯৮০ সালে কারমাইকেল কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। তিনি কারমাইকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনে কমনরুম সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হন। এরপর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন একজন সৈনিক। ছাত্রদলের পর প্রথমে শহর মহিলা দলের সাধারণ সম্পাদক এরপর জেলা মহিলা দল রংপুরের সাধারণ সম্পাদক, জাসাসের সভাপতি, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দায়িত্ব পালনের পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, মহানগর মহিলা দলের সভাপতি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আরও পড়ুন
নাটোরে বিএনপির মনোনয়ন পেলেন আদিবাসী আন্না মিনজ
রেজেকা সুলতানা ফেন্সী তার সাহসী রাজনৈতিক ভূমিকার পাশাপাশি বাংলাদেশ বেতার ও টিভির একজন বিশেষ গ্রেডের সংগীত শিল্পী হওয়ায়, সেখানেও কালো তালিকাভুক্ত হয়েছিলেন রাজনৈতিক কারণে। বিগত সরকারের বারবার হয়রানি, পরিবারের উপর চাপ, এমনকি স্বামী সরকারি চাকরি করায় হয়রানি, বদলির মতো পরিস্থিতিও তাকে দমাতে পারেনি।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী মনোনয়ন পাওয়ায় খুশি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির কেন্দ্রীয় কমিটির দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে সংরক্ষিত আসনের উপযুক্ত প্রার্থী মনে করছেন।
প্রতিনিধি/এসএস